CALL FOR PAPERS - MAY, 2026
দুলাল চক্রবর্তী: কৃষ্ণনগর সিঞ্চন সংস্থার “দূরবীন” নাটকের মঞ্চায়ন হয়েছিল গত ৮ মার্চ ২০২৫ তারিখে বর্ধমান টাউন হলে, আন্তর্জাতিক নারী দিবসে। আয়োজক সংস্থা বর্ধমান মুক্তমনন স্পিড। ‘সারারাত নাটকের সাথে থাকুন’ শীর্ষক ৮ তারিখ বিকেল ৩টে থেকে ৯ মার্চ ভোর ৫টা পর্যন্ত পর্যায়ক্রমিক নাটকের মঞ্চায়নের চতুর্থ প্রদর্শন ছিল “দূরবীন” নাটকের অভিনয়। জার্মানির হাতে ইহুদি নিধনযজ্ঞে পোল্যান্ডের সাধারণ জনজীবন যেভাবে অত্যাচারিত হয়েছিল, তার উপরে ফ্যাসিজমের এবং ধর্মীয় নিষ্ঠুরতার একপেশে হত্যার আর্তনাদ এই নাটকের প্রতিপাদ্য। দলের অভিজ্ঞ নাট্যজন সুশান্ত কুমার হালদারের লেখা এবং চালনায় অনিন্দ্যসুন্দর এক নাট্য উপস্থাপনা এটি।
অসাধারণ গ্রুপ অ্যাক্টিং। প্রতিটি চরিত্রের নিজের প্রাণবন্ত রূপায়ণ মুগ্ধ করেছিল। জীবন্ত অনুভূতির তীব্রতায় সরব-নীরব নাট্যমুহূর্তগুলি হৃৎস্পন্দনকে চমকে দিতে পেরেছিল। অত্যাচার এবং অত্যাচারিত উভয় পক্ষের যুক্ত আবেদনের মাত্রায় একটি নান্দনিক উপস্থাপনা, যা লিখে ব্যক্ত করা কঠিন। পোল্যান্ডের ভাস্কর্যের ইতিহাসে সাজিয়ে রাখা জীবন-অনুকল্পের মূর্তিগুলি যদি প্রাণ পায়, যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই হিটলারের ইহুদিবিদ্বেষকে চাক্ষুষ করা যায়, তবে এই সময়-অসময়ের রাজনৈতিক বাতাবরণে উঠে আসা অন্ধ আবেগাপ্লুত রাষ্ট্রীয় আগ্রাসনের অভিঘাতের তলায় পড়ে থাকা, ঘুমিয়ে থাকা সাপের স্থবিরতাকে ভয় পেতে হবে। এমন বার্তাই “দূরবীন” নাটক দেখে পাওয়া যায়। মানুষের অধিকার কীভাবে কেড়ে একরাশ শিশুদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তার বিরুদ্ধে এবং রাষ্ট্রীয় আক্রোশপ্রসূত মনোভাবকেও চিনে নেওয়া যাবে ভেবেই, শুধুই ইতিহাসকে ঘটমান বর্তমান করে আমাদের অসহায়তার হদিস মেলে। এই চলমান সাজানো নাটকের ভিড় টপকে জীবনের স্বপক্ষীয় এই নাটক যেন মঞ্চেই দুর্দান্ত অনুশীলনে জন্ম নিতে পারে, এই বলে মেনে নিতেও হয়। এই উৎসবের আরেক অন্যতম শ্রেষ্ঠ নাটক “দূরবীন”।
সকল কুশীলবের নাম ইত্যাদি জানা নেই। নাটকের ‘পিন টু এলিফ্যান্ট’ সবই অনবদ্যভাবে প্রতিস্থাপিত ও প্রতিসাম্য অর্জনমূলক অনুধ্যান হয়ে উঠেছে। এই সংস্থার অন্য নাটকের চেয়েও এই “দূরবীন” ‘not for sale’ এক আত্মজারিত নির্মাণ। অভিনন্দন জানাচ্ছি সকল শিল্পীর একাগ্রতা ও পারঙ্গমতাবোধকে। এদিন, ৮ মার্চ ২০২৫ তারিখে এই নাটকের ১১৪তম মঞ্চায়ন হয়েছিল। দেখে আমি ঋদ্ধ হয়েছিলাম। বর্ধমান গিয়ে এই উৎসবে যাতায়াতের বিরাট ক্লান্তি কাটিয়ে আলোকিত হয়েছিলাম।
Rabindra Nagar Natyaayudh
Publication Department
3, West Rabindra Nagar
Kolkata, 700065, West Bengal
📞9874053622/9331834142