CALL FOR PAPERS - MAY, 2026
সুজয়া, শ্রীরামপুর (হুগলী): গত ২১শে এপ্রিল, ২০২৪। সন্ধ্যার অ্যাকাডেমি অফ ফাইন আর্টস যেন এক অদ্ভুত নিস্তব্ধতার সাক্ষী হয়ে রইল। মঞ্চে তখন চলছে নান্দীকারের নতুন প্রযোজনা ‘এক থেকে বারো’। সপ্তর্ষি মৌলিকের নির্দেশনায় এই নাটকটি দেখতে দেখতে বারবার মনে হচ্ছিল, বর্তমান সমাজকাঠামোয় আইনকে অস্ত্র করে মানুষের জীবনকে আমরা কতটা দোলাচলের মধ্যে ঠেলে দিই!
নাটকের মূল ভিত্তি বারো জন মানুষের বারো রকমের মতাদর্শ। বিচার্য বিষয়—একটি খুনের ঘটনায় অভিযুক্ত উনিশ বছরের এক কিশোর কি সত্যিই দোষী নাকি নির্দোষ? এই প্রশ্নকে সামনে রেখে চলতে থাকা একের পর এক চুলচেরা বিশ্লেষণ আর বাকবিতণ্ডা দর্শক হিসেবে আমাকে এমন এক ঘোরের মধ্যে নিয়ে গিয়েছিল যে, আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম। 'অসাধারণ' শব্দটাও বোধহয় এই অভিজ্ঞতার কাছে খুব ক্ষুদ্র হয়ে যাবে। বারবার মনে হচ্ছিল, মঞ্চে কি সত্যিই কোনো কৃত্রিম কোর্টরুম দেখছি নাকি সমাজের এক চরম বাস্তব প্রতিফলন আমার চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে?
অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। সপ্তর্ষি মৌলিকের অভিনয় দক্ষতা তো এক অনবদ্য নজির সৃষ্টি করেছে। আর অয়ন দেবনাথের অভিনয় আজ যেন একদম অন্যভাবে আমার মন কেড়ে নিয়েছে। কিন্তু কেবল তাঁরাই নন, নান্দীকারের প্রতিটি সহযোদ্ধার বাকরুদ্ধকর অভিনয় দক্ষতা প্রমাণ করে দিয়েছে যে তাঁরা প্রত্যেকেই একেকজন লড়াকু যোদ্ধা। তাঁদের প্রত্যেকের স্বতঃস্ফূর্ততা এবং আবেগ আমার হৃদয়াশনে আজ পাকাপাকিভাবে বিরাজমান।
নাটকের প্রতিটি মুহূর্তকে আরও ধারালো করে তুলেছিল এর সূক্ষ্ম আলোক বিন্যাস আর আবহ সঙ্গীতের যথাযথ প্রয়োগ। আলো-ছায়ার খেলায় মঞ্চ যেন বারবার আমাদের অন্তরাত্মাকে প্রশ্ন করছিল—মানুষের জীবন বড় নাকি আইনের ধারা?
মঞ্চ যে সত্যিই বাস্তব মুখোশের আড়ালে থাকা আরও একটা গভীর সত্য, তা আবারও এক অনন্য আঙ্গিকে প্রমাণ করে দিল নান্দীকারের সহযোদ্ধারা। এই সৃষ্টিশীল নবজাগরণ দেখে শুধু এটুকুই মনে হচ্ছে—সাধু, সাধু! নান্দীকারের এই জয়যাত্রা দীর্ঘজীবী হোক। আমি কেবল দর্শক হিসেবে নয়, একজন মুগ্ধ অনুরাগিণী হিসেবে কুর্নিশ জানাই এই পুরো দলকে।
Compiled & Edited By Rajdeep Saha
Rabindra Nagar Natyaayudh
Publication Department
3, West Rabindra Nagar
Kolkata, 700065, West Bengal
📞9874053622/9331834142