CALL FOR PAPERS - MAY, 2026
দুলাল চক্রবর্তী: উত্তরপাড়া ব্রাত্যজনের ‘হট্টমালার ওপারে’ নাটকের বিশিষ্টতা মুগ্ধ করেছে। এত বিবিধ-বিচিত্রভাবে বক্তব্যকথাকে তুলে ধরা হয়েছে, যা বাদল সরকারকে শ্রেষ্ঠ উপলব্ধি বলেই অনুমান। ইতিপূর্বে এই সংস্থার নাটক ‘গোপাল অতি সুবোধ বালক’ ও ‘তোতাকাহিনি’-র পরে নবনির্মিত প্রযোজনা এটি। এই নাটকের অভিনয় দিয়েই মিউনাসের এবারে শ্রদ্ধায়-স্মরণে বাদল সরকারের জন্মশতবার্ষিকীতে উদযাপিত টানা ২৪ ঘণ্টার নাট্যোৎসব শুরু হয়েছিল। অভিনয় হয়েছে তেপান্তর নাট্যগ্রামে এবং আমরা দলের ব্ল্যাক বক্সে।
উত্তরপাড়া ব্রাত্যজনের ‘হট্টমালার ওপারে’ সৃজনশীলতায় একটি দুরন্ত দলগত অভিনয়সমৃদ্ধ উপস্থাপনা হতে পেরেছে। বাদল সরকার যেভাবে হট্টমালা দেশ থেকে চুরি-চামারি করা দুই চোরকে ভিন্ন এক দেশের মধ্যে গিয়ে সেখানে মুক্ত আনন্দের যাপন সন্ধান দিয়েছিলেন, নির্দেশক কৃষ্ণেন্দু দেওয়ানজী সেই ছবিগুলি অনেক পরিষ্কার করে তুলে এনেছেন। যেখানে এই সময়ের অন্ধকার খুব আলোকিত ছিল। কারণ নাটকে ছিল খুঁটিনাটি ব্যঞ্জনা। মানুষ সারা বিশ্বে কীভাবে বেঁচে আছে, কোন সংকটে আক্রান্ত, কোন রাষ্ট্রীয় চক্রান্তে আক্রান্ত, তা তথ্য ও লিপিবদ্ধভাবেও গতচেতনার সম্প্রসারণ করা হয়েছিল। ছিল সমষ্টিগতভাবে কোরাস এবং কেনারাম-বেচারাম দুই চোরের অশুদ্ধ ও বিশুদ্ধ বাস্তবতা চেনার বিভঙ্গের দ্যোতনা। প্রতিটি মুহূর্তের ক্রিয়া-প্রতিক্রিয়ার অবাধ দোলাচল, যেখানে একজন কুশীলবও ছাড় পায়নি নিজেকে খুলে-মেলে না ধরা থেকে। তাই বহুল অভিনীত, অনেক দেখা এই নাটক দর্শকেরা নতুনভাবে দেখেছেন। এক-দুই মিনিট পরই নাটক ভেঙে ভেঙে ভিন্ন ছবিতে, বাদ্য-বাজনায়, গানে-কথায়, আলাপে-বিলাপে লক্ষ্যপথে বক্তব্যকে বিস্তৃত করেছে। সবচেয়ে বড় কথা, নাটক অস্থিরতা প্রকাশ করতে নিজে কিন্তু একটুও স্থির ছিল না। তাই এটি একটি সার্থক প্রযোজনা। গতিময়, সঙ্গীতময়, বাণীবদ্ধ, এই উপস্থাপন এককথায় চমৎকার।
খুব ভালো লেগেছে দুই চোরের মধ্যে তুলনায় বোকা, যে হেনস্থা হয় অন্য চোরের কাছে, সেই সৌম্য ভট্টাচার্য এই নাটকের সেরা পারফর্মার। সাথে ক্রিয়াশীল হয়ে বুদ্ধিমান চোরের ভূমিকায় পলাশ সিকদারও দুরন্ত ছিলেন। সাথে থাকা ভিন্ন চরিত্রে এবং কোরাসে অভিষেক মল্লিক, কুমার সৌরভ, মিঠুন গুপ্ত, সৌমিত রায়, প্রিয়াশ দে, দীপশিখা দাস, তীর্ণা দেওয়ানজী, লহনা ভট্টাচার্য, অদ্বিতীয়া বসু রায় ও পারমিতা মুখার্জী— সকলেই এই নাটকের ইট-কাঠ-পাথর সমান। কৃষ্ণেন্দু দেওয়ানজীর এটি একটি ভালো নির্মাণ।
নাটকের সম্পাদনা ও নির্দেশনা কৃষ্ণেন্দু দেওয়ানজী এবং সহ-নির্দেশক অভিষেক মল্লিক। আবহ নীলাংশুক দত্ত, কথা ও সুর সৌরভ চক্রবর্তী ও বিশ্বজিৎ নায়ক। কণ্ঠে লহনা ভট্টাচার্য। বাদ্যে তুনক বন্দ্যোপাধ্যায় ও ঋচীক গাঙ্গুলী। পোশাক দীপশিখা দাস ও অচিরা দেওয়ানজী। অঙ্গবিন্যাস দেব কুমার পাল। কর্মশালা প্রশিক্ষণে অংশুমান দাস। অঙ্কনে কুমার সৌরভ ও সমৃদ্ধি সরকার। সংস্থা ঋণী থেকেছে কবীর সুমন, দিলীপ সেনগুপ্ত ও জন লেননের সঙ্গীতের কাছে। এই কাজে বিশেষ সহায়তার কৃতজ্ঞতায় আছে বালির ‘শ্রমজীবী পাঠশালা’। মিউনাসে এই প্রযোজনার অষ্টম অভিনয় হয়েছিল। উৎসব দাস ভেবেবুঝেই শুরুতে এমন গতিশীল এবং নান্দনিক উপস্থাপনা নির্বাচন করে সংস্থার পক্ষে বিশেষ মাহাত্ম্য ধারণ করাতে সক্ষম হয়েছেন।
Rabindra Nagar Natyaayudh
Publication Department
3, West Rabindra Nagar
Kolkata, 700065, West Bengal
📞9874053622/9331834142