CALL FOR PAPERS - MAY, 2026
দুলাল চক্রবর্তী: শিলিগুড়িতে গিয়েছিলাম ঋত্বিক শিলিগুড়ি সংস্থার নাটকের উৎসবের উদ্বোধন করতে। আশীষ গোস্বামী এবং আমি একসাথে। এক মঞ্চে, পাশাপাশি ছিলাম। এক ঘরে দুই বিছানায় কত যে জমা কথা বিনিময় হলো। ৩৭ বছরের পুরোনো বন্ধুত্ব ঝালিয়ে নিলাম। শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে ৫ তারিখ থেকে শুরু হয়ে গেল ঋত্বিকের নাটকের উৎসব। আরও নাটক মঞ্চে আসবে মার্চের ৯ থেকে ১২ পর্যন্ত। দীনবন্ধু মঞ্চে বেশ কিছু ভালো প্রযোজনা নিয়ে। ঋত্বিকের ২০২৬ সালের নাটকের উৎসবে এসেই দেখলাম দলের নতুন নির্মাণ, হিন্দি ভাষায় বিজয় তেন্ডুলকরের “কমলা”।
প্রায় চল্লিশ বছরের দীর্ঘ জার্নির পরে শিলিগুড়ি ঋত্বিক রীতিমতো চ্যালেঞ্জ করেই হিন্দি নাটক “কমলা” উপস্থাপিত করেছে। অ্যাক্টিং স্কিমিং দুর্দান্ত। অনুশীলন চমৎকার। নির্দেশনা মফস্বল থিয়েটারের চর্চার ঈর্ষার বিষয়। প্রথমার্ধের প্রযোজনা কিছুটা অগোছালোভাবে আছে। কিন্তু নাটক টনটনে হয়ে উঠেছে দ্বিতীয়ার্ধে বা শেষ পর্বে। প্রায় দু-ঘণ্টার এই কমলা নাটকের মঞ্চভাবনা যথেষ্ট নাটকের অভিনয়-উপযোগী। আবহ বিশেষভাবে ভালো। আলো মন্দ না হলেও আরও ডাইমেনশনে নাটকের ভাবার্থে যেতে পারে। ভাবতে হবে। আলোতে এই নাটকের ত্রিমাত্রিক বাস্তবতা, অবচেতন স্তর এবং কৃতকর্মের অবসাদের রং লাগতে পারে।
নারী কেনাবেচার এক গল্পে কমলা, বিজয় তেন্ডুলকরের একটি অনন্য নারী শোষণের নাটক। ভারতবর্ষের বহু দলে বিভিন্ন ভাষায় অভিনীত এই নাটকের মাহাত্ম্য প্রচারিত আছে। কিন্তু শিলিগুড়িতে, রাজবংশী ভাষার আঞ্চলিক সীমাবদ্ধতা টপকে শিলিগুড়ি ঋত্বিক রীতিমতো ভাবিয়ে ছেড়েছে। মারাঠি, হিন্দি উচ্চারণসহ অনবদ্য মুহূর্তের অভিনয়, তাল-মাত্রা, উচ্চতা-খাদ, সবই অভাবনীয় লেগেছে। চারিত্রিক অভিনয়ে নির্দেশক শুভঙ্কর গোস্বামী, সুচরিতা ঘোষ গোস্বামী, প্রণব ভট্টাচার্য, শুভেন্দু সিনহা, তনুশীলা চক্রবর্তী, ঈশা দাস যথেষ্ট ভেবেবুঝে চরিত্রের অন্তর্লীন সংবাদ তুলে ধরেছেন। ভিড়ের ভেতরে রঞ্জন চক্রবর্তী, সুদেষ্ণা চক্রবর্তী, আংকা কুমারী, কুশল বসু, স্বরূপ দত্ত, প্রসেনজিৎ সেন, স্বরূপ দে, রূপম শীল শর্মা ও অঙ্কিত সরকার সহায়ক শিল্পী হয়ে প্রযোজনার মান বাড়িয়েছেন। মার্জিত চরিত্রায়নে কাকাসাহেব—প্রণব কুমার ভট্টাচার্য; ব্যক্তিত্বময়ী এবং প্রতিবাদে, দায়ে-দায়িত্বে স্ত্রী সরিতা—সুচরিতা ঘোষ গোস্বামী; প্রাণচঞ্চল সহজ-সরল চরিত্র কমলাবাঈ—ঈশা দাস; প্রতাপ, ক্ষমতা, বিরাট অহংকার, উল্লাস, উদ্ধতস্বভাব ইত্যাদিতে জয়সিং—শুভঙ্কর গোস্বামী; দারিদ্র্য-অনটনে কাতর, সংকুচিত কিন্তু স্বপ্নে উজ্জ্বল দুই চোখে কেন্দ্রীয় ভূমিকা কমলা—তনুশীলা চক্রবর্তী; এবং চমৎকার সপ্রতিভ চরিত্র জৈন—শুভেন্দু সিনহা, সকলেই যথেষ্ট প্রাণবন্ত।
Rabindra Nagar Natyaayudh
Publication Department
3, West Rabindra Nagar
Kolkata, 700065, West Bengal
📞9874053622/9331834142