CALL FOR PAPERS - MAY, 2026
দুলাল চক্রবর্তী: নিজেদের মহলা কক্ষে গত ১৫ মার্চ রাধানগর দর্পণ কালচারাল অর্গানাইজেশন-এর উদ্যোগে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। আলোচনার বিষয় ছিল “বর্তমান থিয়েটারে মহাকাব্যের প্রাসঙ্গিকতা”। আলোচক ছিলেন 'গ্রুপ থিয়েটার' পত্রিকা সম্পাদক দেবাশীষ বন্দ্যোপাধ্যায় এবং নাট্য আলোচক ও অভিনেতা দুলাল চক্রবর্ত্তী। দর্পণ সংস্থা নিজেদের নাটকের মঞ্চায়নের পাশাপাশি এই ধরনের আলাপ-আলোচনার মধ্য দিয়ে নিজেদের সমৃদ্ধ করছে।
এবারের আলোচনায় উঠে এসেছে—উচ্চবর্গের নিজস্ব অবস্থান অটুট রাখতে এবং উচ্চবর্ণের মানুষকে বীররসের ক্ষমতায় বলীয়ান দেখাতে গিয়ে মহাকাব্যের কল্পনায় যে সমাজজীবনকে ধর্মের ছদ্মবেশে বর্ণনা করে অমানবিক কার্যকলাপ চালাবার চেষ্টা হয়েছে, তাকে অবলম্বন করেই ভারতীয় রাজনীতি নিচুতলার মানুষদের ওপর নিপীড়ন চালাচ্ছে। ফ্যাসিবাদের রক্তহিম করা নানা ঘটনার চেহারা বর্তমানে সব প্রদেশে ভেদাভেদের বাতাবরণ গড়ে তুলেছে। নাটক একটি শক্তিশালী গণমাধ্যম। এই মাধ্যমে হিংসা-কবলিত ও অহিতকর পুরাণ-আশ্রিত গল্প-কল্পনাগুলোর সমান্তরালে চলমান সময়ে ঘটে চলা নারী বঞ্চনা, ক্রমাগত গুপ্তহত্যা এবং গণকণ্ঠ রোধ করে মানুষের সার্বিক বিকাশকে ব্যাহত করার চিত্রগুলো ফুটে ওঠে।
এদিন আলোচনায় এসব কথা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়। মহাকাব্য আশ্রিত নাটকে কেবল আঙ্গিক-সর্বস্ব করার ঝোঁক এবং বক্তব্যকে অতি-বিনোদনের করে তোলার অপপ্রয়াস কীভাবে এই ধারার নাটকের গুরুত্ব ম্লান করছে, সেসব নিয়ে আলোচনা করা হয়। মহাকাব্যভিত্তিক নাটক লেখায় নাট্যকার এবং নির্দেশকদের দৃষ্টি আকর্ষণ করার সম্ভাবনা, উদ্বেগ ও অনিশ্চিত পরিস্থিতিকে দুই আলোচক দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছিলেন। বর্তমানে মহাকাব্যের প্রাসঙ্গিকতার প্রয়োজনে প্র্যাক্টিস বৃদ্ধি করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা রয়েছে, তাকে চিহ্নিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
জাতীয়তাবাদী আন্দোলনের সময় থেকেই রামায়ণ-মহাভারতের টুকরো গল্পের পেছনের উদ্দেশ্যকে বাংলা নাটক তুলে ধরেছে। ক্ষমতা, অহংকার, আস্ফালন, দমন-পীড়ন, মানুষের স্বাধিকার লুণ্ঠন, বাকস্বাধীনতা কেড়ে নেওয়া এবং চাপিয়ে দেওয়া অনুশাসনের তীব্রতাকে আজ এই ধর্মভিত্তিক রাজনৈতিক মেরুকরণের যুগে নাটকের মধ্যে এনে সামাজিক দায়িত্ব পালনে নাট্যদলগুলোর ঐকান্তিক ইচ্ছা পোষণ ও কামনা করেছে এই আলোচনা সভা। দলিত মানুষকে মাথা তুলে দাঁড়াতে দেবার সঙ্কল্পিত এই আলাপন একটি ঋদ্ধিমান ও বার্তানির্ভর পরিবেশ তৈরি করেছিল।
Rabindra Nagar Natyaayudh
Publication Department
3, West Rabindra Nagar
Kolkata, 700065, West Bengal
📞9874053622/9331834142