CALL FOR PAPERS - MAY, 2026
দুলাল চক্রবর্তী: অতি সম্প্রতি সোদপুর ক্রান্তিকাল সংস্থা নির্মাণ করেছে নাটক “সবুজ স্বপ্ন”। নাটকটি লিখেছেন মুদাসার হোসেন ছট্টু। নাটকের সামগ্রিক পরিকল্পনা এবং নির্দেশনা করেছেন নিরাময় চক্রবর্তী। পরিবেশ সুরক্ষা এবং সবুজায়ন প্রসঙ্গে আধারিত এটি একটি মূল্যবান টেক্সট। গল্পের ভেতরে নাটকীয়তা যেমন আছে, তেমনি আছে কয়েকটি চরিত্রের নিজস্ব অভ্যন্তরীণ টানাপোড়েন। প্রায় সকলেই বেশ প্রাণবন্ত অভিনয় করেছেন।
চারিদিকে পুকুর বুজিয়ে, গাছপালা-জঙ্গল কেটে নগরায়ন হচ্ছে। প্রকৃতি বিড়ম্বিত হচ্ছে। গ্লোবাল তাপমাত্রা বেড়ে উষ্ণতার উষ্ণীষ মাথা উঁচু করছে। সেখানে সমবেত নাগরিক চেতনায় সমষ্টিগত সচেতনতার কথা এই নাটক বলেছে। এর সাথে খল প্রোমোটারের দৌরাত্ম্যকে নেগেটিভ অ্যাপ্রোচে নাটকে তুলে ধরেছেন নাট্যকার মুদাসার হোসেন ছট্টু। সবই এসেছে একটি পারিবারিক গল্পের ভেতরের বিদ্রোহ থেকে, যেখানে পরিণতিতে বৃদ্ধ বাবাকেই চক্রান্তের শিকার হতে হয়। সংসারের বৈভব-আসক্তি এবং ঘরের শ্রীবৃদ্ধিতে তৎপর ছেলে মেতে উঠেছিল অর্থ উপার্জনের প্রয়োজনাতিরিক্ত লোভের কবলে পড়ে। আর অন্যদিকে প্রায় পঙ্গু দাদু তাঁর ছোট নাতনিকে সাথে নিয়ে গাছে জল দিয়ে সবুজকে রক্ষা করছিলেন। এই ব্যাপারটা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে চেতনা ছড়িয়ে পড়ার এক ভিন্ন উচ্ছ্বাস টেনে এনেছে। চমৎকার মঞ্চভাবনায়, মানানসই আলো ও আবহে প্রযোজনাটি তার বক্তব্য তুলে ধরেছে। এখানে যে ঘটনাক্রম এসেছে, তা বাস্তব সত্যের দর্পণ হয়ে আমাদের ঘা দিয়ে জাগাতে চেয়েছে; তেমনই এই সময়ের রাজনৈতিক লুটপাটের চেহারার পরিচিতি দিয়েছে।
অনি শীর্ষক চরিত্রে মা এবং বউ ও বাইরের এনজিও কোম্পানির সাথে নিযুক্ত অভিনেত্রী পল্লশ্রী বিশ্বাসের আরও প্রাণবন্ত উপস্থিতি দরকার আছে বলেই মনে হয়েছে। স্বামী অরুণাভ চরিত্রে তাপস ভট্টাচার্য বিভিন্ন মুডে সব মুহূর্তেই যথেষ্ট প্রাঞ্জল। চমৎকার হয়েছে নাতনি ঘুঙুরের চরিত্রটি; তার প্রতিটি রিঅ্যাকশন স্বাভাবিক ও সাবলীল। তাই এই নাটকের নান্দনিক শক্তি এই বাচ্চা মেয়ে সরণ্যা মজুমদার। বাবার ভূমিকায় স্নেহ ভট্টাচার্য মন্দ নন। তবে পারিবারিক নানা দায়-দায়িত্বে ও শারীরিক প্রতিবন্ধকতায় চরিত্রটি যে লড়ে চলেছে—বাবা কোন আতান্তরে পড়ে কীভাবে সংকটাপন্ন হচ্ছেন—তার প্রতিক্রিয়া কিছুটা কম এসেছে। তিনি লড়ছেন নিজের ছেলের সাথে, এটি ঘরের ভিতরের যুদ্ধ। নাটকে এই চরিত্রের টানাপোড়েন লিখিত স্তরেও জোরালো আছে; অর্থাৎ মানসিক বিপর্যয়ের আভাস তীক্ষ্ণ তীব্রতায় আসা প্রয়োজন ছিল, যা সারা নাটককে দুলিয়ে দিতে পারত। ফলে অরুণাভ এবং প্রোমোটার চরিত্র দুটি একচেটিয়া প্রাধান্য পেয়েছে।
প্রদীপ চক্রবর্তী ভালো অভিনয় করেছেন এই প্রোমোটার চরিত্রে। স্থিতিশীল ও পরিস্থিতির ব্যারিকেড চরিত্রে মাপা অভিনয়ে মাস্টারের ভূমিকায় প্রণব ঘোষ ঠিকঠাকই নিজের করণীয় কাজ করেছেন। সামান্য ভূমিকায় ডাক্তার চরিত্রে শুভজিৎ ঘোষ একটি উজ্জ্বল চরিত্রায়ন। অন্যান্য ভূমিকা ও কোরাসে—দীপালি চক্রবর্তী, কাবেরী গোস্বামী, দেবাশীষ পাল, নন্দিত সরকার ও প্রবীণ দাস নির্দেশকের চিন্তায় অনুগত থেকেছেন। নিরাময় চক্রবর্তী তাঁর নাট্য অভিজ্ঞতা অনুসারে মঞ্চ, আলো ও আবহে “সবুজ স্বপ্ন” নাটকটি ভালোই সাজিয়েছেন।
আমাদের পরিবেশের সুরক্ষায় “সবুজ স্বপ্ন” সবার জীবনযাপনের কেন্দ্রীয় বার্তাকে সংঘাতময় করে তুলে ধরেছে—কারণ আমরা নিশ্চিতই সাফল্য পাব। সোদপুর ক্রান্তিকাল বহু কীর্তিতে সকলের কাছেই পরিচিত। অজস্র নাট্যায়নের মধ্য দিয়ে এই ক্রান্তিলগ্নে তাঁরা নিজেদের করণীয় করে যাবেন, এ প্রত্যাশা রইল।
Rabindra Nagar Natyaayudh
Publication Department
3, West Rabindra Nagar
Kolkata, 700065, West Bengal
📞9874053622/9331834142