CALL FOR PAPERS - MAY, 2026
দুলাল চক্রবর্তী: অনীশ দেবের কাহিনী নিয়ে অসাধারণ একটি নাটক নির্মাণ করেছে আড়িয়াদহ নাট্য নিরীক্ষা সংস্থা। নাট্যরূপ ও নির্দেশনায় আছেন অভিজ্ঞ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। স্বামী অভিলাষ চরিত্রে বিপ্রদাস মন্ডল মাপা ও নিখুঁত চরিত্রায়ন করেছেন। স্ত্রী রঙ্গনার বিভিন্ন মুডে নির্মিত অনবদ্য ভূমিকাটিতে তনুশ্রী সাহা দুর্দান্ত একটি চরিত্র উপহার দিলেন; মফস্বলি নাটকে এত স্মার্ট অভিনয় কমই দেখা যায়।
একইভাবে কনসেপ্টুয়াল ভার্চুয়াল কিলিং—“এন্ড গেম” শীর্ষক “মুস্কিল আসান ফ্যান্টাসি ফার্মের” (কর্পোরেট সেক্টর) পদস্থ কর্তা কমলপানির চরিত্রে গৌতম চৌধুরী একটি উন্নত বাচিক এবং বডি ল্যাঙ্গুয়েজ সম্পন্ন পদাধিকারী চরিত্রায়ন করেছেন। তিনি নাটকের সমাধানের সূত্রে এসে প্রযোজনাকে কৌতূহলী করে তুলেছেন। অদ্ভুত একটা স্বপ্নময় মুহূর্তে এসেও নাটকের শেষাংশ রোমাঞ্চকর লাগে তাই। কমলপানির অ্যাসিস্ট্যান্ট হীয়ার ভূমিকায় সঙ্গীতা দে একটি উপযোগী, স্মার্ট এবং দাম্পত্য কলহ মুক্তির মিষ্টি কোম্পানি-চালিকা প্রচারে বাস্তব ও বিশ্বাসী চরিত্রায়ন করেছেন। নাটকের অন্তিম পর্বে 'কী হয় না হয়' ভাব জাগিয়ে এই দুই শিল্পীর কীর্তিতেই নাটকটি যুক্তিযুক্ত পথে অনায়াসেই চলে গেছে ভার্চুয়াল কিলিং প্রসেসের প্রতিপাদ্যে। এই নাটকে সকলেই সাবলীল ও স্বাভাবিক অভিনয় স্কুলিংয়ে মাত্রানুযায়ী শক্তিশালী অভিনয় করেছেন। মঞ্চে পেছন ফিরে বসা অভিলাষ ও রঙ্গনার যুগ্ম মিলনাত্মক (প্রেমের) নির্বাক ছবি—আলো ও সঙ্গীতে নতুনত্বের আস্বাদ দিয়েছে।
রীতিমতো রহস্যময় আবহ সঙ্গদানে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নাটকের বাকি কাজ সমাধা করেছেন। মঞ্চসজ্জার জ্যামিতি, বয়েজ ওউন লাইব্রেরির (Boys' Own Library) মতো ছোট মঞ্চে কম্প্যাক্টভাবে দুই প্রান্তে বাড়ি ও দাম্পত্য বিবাদ মীমাংসা অফিসের সার্থক আদল দিয়েছেন সোমনাথ মুখার্জি। স্বাভাবিকতার মধ্যেই আলোতে ভিন্নতার স্বাদ এনেছেন জিতেন দাস ও অরূপ বন্দ্যোপাধ্যায় তাঁদের দুজনের মিলিত কল্পনায়।
একান্নবর্তী পরিবার কবেই ভেঙেছে; এখন স্বামী-স্ত্রী নিয়ে 'আমি-তুমি'র সংসার। সন্তান থাকলে কিছুটা সান্ত্বনা, না থাকলেই খুঁটাখুঁটি, খুঁটিনাটি ও তীর্যক কথা। অতঃপর বাক্যবাণে জর্জরিত দুটি প্রাণ—অশান্তি, অশালীন কথা, বিষাদ ও বিষাক্ত বাক্যালাপের চূড়ান্ত পর্যায়ে একজনের সাথে অন্যের সহবাস অসহ্য হয়ে ওঠে। দুর্দান্ত প্রকাশে উঠে এসেছে আমাদের আধুনিক এই বিশ্বায়নের বাজার সভ্যতায় সাংসারিক ঘর-গেরস্থালির একমেরু যাপনচিত্র।
ঘৃণা, অসন্তোষ প্রকাশ এবং স্বামী-স্ত্রীর সম্পর্কের ভাঙন যখন অনিবার্য, তখনই সুপারি কিলার খুঁজতে সামনে আসে “ভার্চুয়াল কিলিং” সংস্থা। তারাই মুস্কিল আসান করে দুজনকে আবার নিজেদের সুস্থ দাম্পত্য সম্পর্কে ফিরিয়ে আনে। এমন কৌতূহলী এই নাটকের সবটাই অনুপম উপস্থাপনা বলে মনে হয়েছে।
গত ১লা ফেব্রুয়ারি রেনেসাঁস সংস্থার ৫৫ বছরের মাল্টি-ল্যাঙ্গুয়াল নাটকের উৎসবে বয়েজ ওউন লাইব্রেরি মঞ্চে এটি অভিনীত হয়েছিল। এটি এই নাটকের দ্বিতীয় অভিনয় ছিল। সাম্প্রতিক সময়ে অনন্য নাট্যাভিনয়ের অনুভব দিতে পেরেছে এই ভার্চুয়াল কিলিং প্রযোজনা। সংস্থার নির্দেশক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যে একজন উঁচু মানের নাট্যজন, তার প্রমাণ এই নাটকের প্রসেসিং এবং “স্কুলিং অফ অ্যাক্টিং”-এর স্বাভাবিকতা ও সাবলীলতা দেখে বোঝা যায়।
Rabindra Nagar Natyaayudh
Publication Department
3, West Rabindra Nagar
Kolkata, 700065, West Bengal
📞9874053622/9331834142