CALL FOR PAPERS - SEPTEMBER, 2026
সুন্দরবনে গোলপাতা অফ মরিচঝাঁপি নাট্যদলের আয়োজনে চার দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল সপ্তম মরিচঝাঁপি নাট্য উৎসব। ২৮ থেকে ৩১ অক্টোবর, ২০২৬, এই চার দিন ধরে চলা নাট্য উৎসবকে ঘিরে সুন্দরবন অঞ্চলের মানুষের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ ও আনন্দ। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে এমন একটি নাট্য উৎসবের আয়োজন পেয়ে স্থানীয় মানুষজন অত্যন্ত খুশি হন এবং স্বতঃস্ফূর্তভাবে নাটক উপভোগ করেন।
২৮ অক্টোবর কুমিরমারীতে তাঁদের ‘গোলপাতা ভাবের ভুবন’ আঙিনায় শুভ সূচনা হয় এই নাট্য উৎসবের। আঙিনাটি ছিল গাছপালায় ঘেরা এক নির্জন পরিবেশ। মঞ্চ তৈরি হয়েছিল একটি বড় সবেদা গাছের তলায়, মাটির ওপরেই। মঞ্চ নির্মাণে ব্যবহার করা হয়েছিল কেবল চারটি বাঁশ, যা চার কোণে বেঁধে তৈরি করা হয়েছিল এক অভিনব পরিবেশ। প্রকৃতির এমন নিবিড় সান্নিধ্যে এই আয়োজন স্থানীয় দর্শকদের এক অন্য রকম অভিজ্ঞতা দিয়েছে। কারণ, সুন্দরবন অঞ্চলে বর্তমানে অধিকাংশ সাংস্কৃতিক অনুষ্ঠানেই মঞ্চ তৈরি করে ঝলমলে আলো ও নাচ-গানের আয়োজন করা হয়। ক্রমাগত এই ধরনের অনুষ্ঠান দেখতে দেখতে মানুষ অনেকটাই একঘেয়েমিতে ভুগছেন। তাই এমন মুক্ত, নির্জন ও প্রাকৃতিক পরিবেশে নাট্য উৎসবের আয়োজন তাঁদের কাছে এক নতুন স্বাদ এনে দিয়েছে।
উৎসবের প্রথম দিনের সূচনা হয় অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে। চারটি বিভাগে মোট ৪৮ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এরপর স্থানীয় শিল্পীদের উদ্যোগে বসে মাটির গানের আসর। প্রথমে বর্ষীয়ান শিল্পী ছিদাম মণ্ডল পরিবেশন করেন বনবিবি পালার গান। এছাড়াও ভাটিয়ালি গান পরিবেশন করেন সঞ্জিত মণ্ডল, বঙ্কেশ যোদ্দার ও দীপক মণ্ডল। ঢোল বাজিয়ে তাঁদের সঙ্গে সঙ্গত করেন শান্তনু শীল।
এরপর একে একে মঞ্চস্থ হয় তিনটি নাটক। প্রথম নাটক ‘হাতি বন্ধু’। নাট্যকার ড. ওম প্রকাশ ভারতী। প্রযোজনা বোলপুর নৃত্য নিকেতন ড্যান্স ট্রুপ অ্যান্ড স্কুল। দ্বিতীয় নাটক ‘ভাঙা গড়ার খেলা’, গোলপাতা অফ মরিচঝাঁপি নাট্যদলের ছোটদের প্রযোজনা। সুন্দরবনের প্রাকৃতিক ঘটনা ও পরিবেশকে কেন্দ্র করে নির্মিত এই নাটকটি। নাটকটি নির্মাণের জন্য বোলপুর থেকে তিনবার সুন্দরবনে এসে প্রশিক্ষণ দিয়েছেন অভিষেক দত্ত। তৃতীয় নাটকটি ছিল পুতুলনাট্য ‘কাবুলিওয়ালা’। নাট্যরচনা ও নির্দেশনা গোবিন্দ মণ্ডলের। প্রযোজনা সুন্দরবন পাপেট থিয়েটার।
দ্বিতীয় দিন, ২৯ অক্টোবর, মাটির টানে মাটির গানের আসরের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সুন্দরবন অঞ্চলের শিল্পী শ্যামল গায়েন। এদিনের প্রথম নাটক ছিল ‘হাম টিমটিম’। প্রযোজনা বোলপুর নৃত্য নিকেতন ড্যান্স ট্রুপ অ্যান্ড স্কুল। নাট্যরচনা ও নির্দেশনা অভিষেক দত্তের। ছোটদের এই অসাধারণ প্রযোজনাটি মূলত শারীরিক অভিনয় ও আঙ্গিকনির্ভর।
দ্বিতীয় নাটক ‘ডিম খোলার পাহাড়’। প্রবীর গুহের নাটকটির নির্দেশনায় ছিলেন সঞ্চয়িতা বসু। প্রযোজনা মধ্যমগ্রাম নৃত্য বিতান। তৃতীয় নাটক ‘মুসকিল আসান’। নাট্যরচনা ও নির্দেশনা সুশান্ত হালদারের। প্রযোজনা কৃষ্ণনগর সিঞ্চন। অসাম্প্রদায়িক পরিবেশে মানুষের মিলেমিশে বসবাসের পরম্পরাকে কীভাবে কিছু সুবিধাবাদী ধর্মীয় শাস্ত্রকার ভেঙে দিয়ে দাঙ্গার পরিস্থিতি তৈরি করে, সেই কাহিনিই উঠে এসেছে এই নাটকে।
৩০ অক্টোবর, তৃতীয় দিনের নাট্য আসর বসে কুমিরমারীর পাশের দ্বীপ ছোটমোল্লাখালীর কালিদাসপুর গ্রামে। এদিনের প্রথম নাটক ছিল কৃষ্ণনগর সিঞ্চনের ‘মুসকিল আসান’। দ্বিতীয় নাটক মধ্যমগ্রাম নৃত্য বিতানের ‘ডিম খোলার পাহাড়’। অসাধারণ এই প্রযোজনাটিতে ছিল লাইভ আবহসংগীত এবং তিনজন অভিনেতার অভিনয়। নাটকটির বিষয়বস্তুতে উঠে এসেছে শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামের এক গুরুত্বপূর্ণ দিক। সাধারণত খেটে খাওয়া মানুষ কীভাবে বিত্তশালী ও ক্ষমতাবান মানুষের কাছ থেকে বকশিশ পাওয়ার আশায় নিজেদের স্বাভাবিকভাবে গড়ে ওঠা জীবিকা ও কর্মজগৎ থেকে বিচ্যুত হয়ে পড়ে এবং ক্রমশ এমন মানুষের ওপর নির্ভরশীল হয়ে ওঠে, যারা কেবল তাদের শ্রমকে ব্যবহার করে, সেই বাস্তবতাই নাটকটিতে তুলে ধরা হয়েছে।
তৃতীয় নাটক ছিল উৎসবের আয়োজক সংস্থা গোলপাতা অফ মরিচঝাঁপির প্রযোজনা ‘জেলে পাড়ার গান’। অভিনয়ে ছিলেন স্নেহাশিস পুরকাইত, অমিত ঘরামী, সুরজিৎ মণ্ডল, সীতাংশু মণ্ডল ও ভাস্কর সরদার। চতুর্থ নাটক হিসেবে মঞ্চস্থ হয় বোলপুর নৃত্য নিকেতন ড্যান্স ট্রুপ অ্যান্ড স্কুলের প্রযোজনা ‘হাম টিমটিম’।
৩১ অক্টোবর ছিল নাট্য উৎসবের চতুর্থ তথা শেষ দিন। এদিনের প্রথম নাটক ঊহিনী কলকাতার প্রযোজনা ‘ঢঙ’। নাট্যায়োজন ও নির্দেশনা সেঁজুতি বাগচীর। দ্বিতীয় নাটক সুকুমার রায়ের গল্প অবলম্বনে নির্মিত ‘পাজি পিটার’। প্রযোজনা গোলপাতা অফ মরিচঝাঁপি। ছোটদের এই অসাধারণ প্রযোজনাটি নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ দিয়েছেন ঊহিনী কলকাতা। নির্দেশনায় অদ্রিজা দাসগুপ্ত এবং সহযোগিতায় মনীশ ঘোষ।
উৎসবের শেষ নাটক ছিল ‘জোলা ও সাত ভূতের গল্প’। নাট্যরূপ ও নির্দেশনা অভিজিৎ সরকারের। প্রযোজনা ঊহিনী কলকাতা।
নাট্য উৎসবের আয়োজক সংস্থার পক্ষ থেকে সীতাংশু মণ্ডল জানান, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির আর্থিক সহযোগিতায় এই নাট্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসব আয়োজনের ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল কুমিরমারী সমাজ কল্যাণ সংঘ এবং দুই অঞ্চলের স্থানীয় মানুষজন। বিশেষভাবে সহযোগিতা করেছে কালিদাসপুর ভীমচন্দ্র হাই স্কুল।
দূরদূরান্ত থেকে আসা নাট্যদলগুলির থাকা ও খাওয়ার ব্যবস্থা করা ছিল আয়োজকদের কাছে এক ছোটখাটো যজ্ঞের মতো। সীতাংশু মণ্ডল আরও জানান, নাট্যদলগুলিকে খুব বেশি অর্থ দেওয়া সম্ভব হয়নি। তবে প্রতিটি দলকে সুন্দরবন জঙ্গল ভ্রমণের সুযোগ করে দেওয়া হয়েছে। তাঁর কথায়, সুন্দরবনের প্রাকৃতিক সম্পদই তো আমাদের সম্পদ। সেই সম্পদের সঙ্গে বাইরের দলগুলিকে পরিচয় করিয়ে দিতে পেরে তাঁরা খুশি। এমন ভ্রমণের জন্য প্রতিটি দলকে আলাদাভাবে অনেক অর্থ ব্যয় করে আসতে হতো। ফলে নাটক করা এবং সুন্দরবন ভ্রমণ, দুটোই একসঙ্গে হয়ে গেল।
উল্লেখ্য, নাট্য উৎসবটি অনুষ্ঠিত হওয়ার সময় সুন্দরবন অঞ্চলে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে প্রবল প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছিল। প্রতিদিনই প্রবল বৃষ্টি হচ্ছিল। ফলে খোলা আকাশের নিচে নাট্য উৎসব আয়োজন করা আদৌ সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। প্রতিকূল আবহাওয়া এবং নানা বাধা-বিপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয় চার দিনব্যাপী এই নাট্য উৎসব। এক আশ্চর্য সমাপতনই বলা যায়, প্রতিদিন সন্ধ্যায় নাটক শুরু হওয়ার পর আর বৃষ্টি হয়নি। যেন প্রকৃতিও এই নাট্য আয়োজনের পাশে এসে দাঁড়িয়েছিল। শত প্রতিকূলতার মধ্যেও সুন্দরবনের মাটিতে নাটকের এই চার দিনের উৎসব মানুষের মনে এক অন্য রকম আনন্দ ও অভিজ্ঞতার স্মৃতি রেখে গেল।
Rabindra Nagar Natyaayudh
Publication Department
3, West Rabindra Nagar
Kolkata, 700065, West Bengal
📞9874053622/9331834142